জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন জ্বালানি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামের ওঠানামার প্রেক্ষাপটে দেশে অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।
গত ২৫ মার্চ সকাল থেকে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ—এই ৯ জেলায় মোট ১৯টি জ্বালানি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিজিবি জানায়, ইউনিট সদর থেকে দূরবর্তী স্থানে দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রতিটি ডিপোতে একজন কর্মকর্তার নেতৃত্বে সদস্যরা নিয়মিত তদারকি, প্রশাসনিক সমন্বয় এবং নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়ন করছেন।
মোতায়েনকৃত সদস্যরা অবৈধ জ্বালানি মজুত ও বিক্রয় প্রতিরোধ, নাশকতা ঠেকানো এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করেছেন। ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে এবং দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে সরবরাহ ব্যবস্থায় জনআস্থা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।
এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং আইসিপি ও এলসিপিতে নজরদারি বাড়ানো হয়েছে। আমদানি–রফতানিতে ব্যবহৃত ট্রাক ও লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।









