দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব
মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা সূত্রে জানা গেছে, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ করবে
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।
সভায় আরও সিদ্ধান্ত হয়, নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বিপিসি নির্ধারিত পদ্ধতিতে দায়িত্ব পালন করবেন এবং প্রতিদিন তাদের কার্যক্রমের প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেবেন।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগপূর্বক তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠাতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।









