দীর্ঘ ২৭ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে এবার নতুন রূপে হাজির হয়েছেন শাকিব খান। জন্মদিনে মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিং চলাকালীন রকস্টার লুকে তাকে দেখা গেছে, যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
সিনেমার পরিচালক আজমান রুশো জানিয়েছেন, শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হবে সিনেমাটির ফার্স্টলুক। তিনি বলেন, “এখানে শাকিবকে একেবারে আধুনিক ও ট্রেন্ডি রক মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে—যিনি নিজেই গান লেখেন এবং সুর করেন। সেই ভাবনা থেকেই চরিত্রটির ডিজাইন করা হয়েছে।”
জানা গেছে, এই চরিত্রে অভিনয় করতে শুটিংয়ের আগে কয়েকদিন গিটার শেখার প্রস্তুতি নিয়েছেন শাকিব। নির্মাতা দল সিনেমাটির গল্প, নির্মাণশৈলী এবং লুকে নতুনত্ব আনার চেষ্টা করেছেন।
সিনেমার চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন, যিনি ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘উৎসব’-এর লেখক হিসেবেও পরিচিত। সিনেমাটি প্রযোজনা করছে সান কমিনিকেশন।
নায়িকা নির্বাচনের ক্ষেত্রে দ্বিতীয় নারী চরিত্রে নিশ্চিত হয়েছেন তানজিয়া জামান মিথিলা, আর মূল নায়িকা হিসেবে শোনা যাচ্ছে সাবিলা নূর-এর নাম।
দর্শকরা শাকিব খানের সাম্প্রতিক কাজ এবং পর্দা উপস্থিতিতে পরিবর্তনের কারণে আগ্রহী ছিলেন ‘প্রিন্স’ সিনেমা নিয়ে। তবে ছবিটি প্রত্যাশিত সাড়া দিতে পারায় নতুন সিনেমা ‘রকস্টার’-কে ঘিরে ভক্তদের আগ্রহ এবার বেশি।









