শরীয়তপুরে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে নিহত শরীয়তপুরের ১৪ শহীদের স্মরণে শহরের
শরীয়তপুর শহীদ মিনার-এর পাশেই স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়েছিল। কংক্রিটের ভিত্তির ওপর লোহার কাঠামোয় নির্মিত স্মৃতিস্তম্ভে শহীদদের নাম খোদাই করা ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দ্রুত স্থান ত্যাগ করছে। পরে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়দের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন
বাংলাদেশ ছাত্রলীগ-এর এক নেতার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়ানো হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, স্মৃতিস্তম্ভের অন্তত চারটি স্থানে আগুন দেওয়ার চিহ্ন রয়েছে।
ঘটনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক
ইমরান আল নাজির। তিনি বলেন, এ ধরনের হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে পালং মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহ আলম জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে এবং ঘটনাটি কখন সংঘটিত হয়েছে তা যাচাই করা হচ্ছে। তিনি বলেন, “আমরা ঘটনাটি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”









