বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে ব্রাজিল তারকা নেইমারকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। শতভাগ ফিট না থাকার কারণ দেখিয়ে নেওয়া এ সিদ্ধান্ত নিয়ে ফুটবল মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এদিকে দল থেকে বাদ পড়ার পর সান্তোসের অনুশীলন ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়ে নিজের ফিটনেসের বার্তা দিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ক্লাবের অনূর্ধ্ব–২০ দলের বিপক্ষে ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে নজর কাড়েন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে আনচেলত্তির মন জয় করতে নেইমারের সামনে এখনো ১৪টি ম্যাচ রয়েছে। নিজের শারীরিক সক্ষমতা নিয়ে তিনি আত্মবিশ্বাসী বলেই ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
নেইমারকে দলে না নেওয়ায় সমালোচনা করেছেন পর্তুগিজ কোচ জোসে মরিনিয়ো। তিনি বলেন, কোনো সমঝোতা ছাড়াই নেইমারের মতো খেলোয়াড়কে জাতীয় দলের বাইরে রাখা তার প্রতি অসম্মানজনক।
বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি, তবে মাঠের পারফরম্যান্স দিয়ে আবারও জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই তারকা ফুটবলার।









