জাপানের পশ্চিমাঞ্চলে আজ মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে দেশটির আবহাওয়া কার্যালয় জানিয়েছে, এ ঘটনায় সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে শিমানে প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ বা তার সামান্য কম ছিল।
জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুগিতে জাপানের শিন্দো স্কেলে কম্পনের মাত্রা পাঁচের কিছুটা বেশি রেকর্ড করা হয়।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, একই এলাকায় পরপর ৪.৫, ৫.১, ৩.৮ ও ৫.৪ মাত্রার আরও কয়েকটি ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এসব কম্পনের ক্ষেত্রেও সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
এদিকে, ইউটিলিটি কোম্পানি চুগোকু ইলেকট্রিকের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত শিমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, রেল অপারেটর জেআর ওয়েস্ট জানিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিনকানসেন বুলেট ট্রেন নেটওয়ার্কের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এই বিভ্রাট ভূমিকম্পের সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়।









