জনপ্রিয় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম ঘোষণা করেছে, একটি পাব্লিক পোস্ট বা রিলে সর্বোচ্চ ৫টি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে। লক্ষ্য হলো হ্যাশট্যাগের অপব্যবহার রোধ করা এবং কৃত্রিমভাবে ভিউ বা এনগেজমেন্ট বাড়ানোর প্রবণতা কমানো।
ইনস্টাগ্রামের প্রধান আডাম মোসেরি বলেছেন, “অনেক হ্যাশট্যাগ ব্যবহার করেও কনটেন্টের রিচ বা ভিউ বাড়ানো যায় না। বরং কম ও প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে কনটেন্ট সঠিক দর্শকের কাছে পৌঁছায় এবং ফলাফলও ভালো হয়।”
২০১১ সালে হ্যাশট্যাগ চালু হওয়ার পর এটি কনটেন্ট খুঁজতে এবং নির্দিষ্ট দর্শকের কাছে পৌঁছাতে গুরুত্বপূর্ণ উপায় হয়ে উঠেছিল। আগে পোস্টে সর্বোচ্চ ৩০টি হ্যাশট্যাগ ব্যবহার করা যেত। তবে অপব্যবহারের কারণে নতুন নিয়ম চালু করা হয়েছে।
ইনস্টাগ্রাম ক্রিয়েটরদের পরামর্শ দিয়েছে, প্রাসঙ্গিক হ্যাশট্যাগ নির্বাচন করুন, যাতে সেই নির্দিষ্ট বিষয় বা কমিউনিটির কাছে কনটেন্ট সহজে পৌঁছায়। নতুন নিয়ম থ্রেডস প্ল্যাটফর্মেও প্রযোজ্য হবে।









