ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪ জন আহত হয়েছে। আজ সোমবার (৯ মার্চ) এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত এক সপ্তাহে লেবাননজুড়ে প্রতিদিন গড়ে ১০টিরও বেশি শিশু নিহত হয়েছে এবং প্রতিদিন প্রায় ৩৬ জন শিশু আহত হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গত ২৮ মাসে লেবাননে ৩২৯ শিশু নিহত এবং ১ হাজার ৬৩২ কোমলমতি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংস্থাটি বলেছে, পরিসংখ্যানগুলো স্তম্ভিত করার মতো। সংঘাত শিশুদের ওপর যে ভয়াবহ প্রভাব ফেলছে, এটি তারই এক জঘন্য প্রমাণ।
লেবাননজুড়ে ব্যাপক বাস্তুচ্যুতির কারণে প্রায় ৭ লাখ মানুষ—যাদের মধ্যে প্রায় ২ লাখ শিশু রয়েছে—তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, যা পূর্ববর্তী সংঘাতের কারণে আগে থেকে ঘরছাড়া হওয়া হাজার হাজার মানুষের সঙ্গে যুক্ত হয়েছে।
সংস্থাটি স্কুল, আশ্রয়কেন্দ্রসহ বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো রক্ষায় এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতাগুলো মেনে চলার জন্য সমস্ত পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে ইউনিসেফ আরও বলেছে, ইউনিসেফ পরিস্থিতি শান্ত করতে এবং শিশুদের আরও ক্ষতি রোধ করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।
সূত্র: আলজাজিরা।









