প্রিয় মাতৃভূমিতে ফেরার আনন্দ। বহু দিনের জমাট স্মৃতি, চেপে রাখা কথকথা। স্মিত হাসির আড়ালে আটকে রাখা আবেগ। সবমিলিয়ে এক আনন্দঘন আবহ।
দীর্ঘ নির্বাসনের আকুলতার যেনো বাঁধ ভাঙল, বিমানবন্দরে নেমেই তাই হয়তো জাগলো মাতৃভূমির মাটি ছোঁয়ার সাধ। তাইতো বিমানবন্দর থেকে বেরিয়েই কাছের বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটিও হাতে তুলে নেন। যেন প্রিয় স্বদেশকে স্পর্শ করার বহু বাসনার অবসান হলো এতেই।
দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান থেকে নেমে পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি।
এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে।









