বিডিআর হত্যাযজ্ঞ তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে সরিয়ে দেওয়ার দাবিতে সরকারের কাছে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মো. আতিকুর রহমান যৌথভাবে এ নোটিশ পাঠান। নোটিশটি প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ স্বরাষ্ট্র, জন প্রশাসন ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে।
নোটিশে বলা হয়, কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ ওঠায় বর্তমান আইজিপিকে অবিলম্বে অপসারণ করতে হবে। অন্যথায় ২৪ ঘণ্টা পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কমিশনের প্রতিবেদনে আইজিপিসহ পাঁচ পুলিশ কর্মকর্তার নাম উঠে আসার পর সরকারি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় ভয়াবহ বিদ্রোহে তৎকালীন বিডিআরের মহাপরিচালক শাকিল আহমেদসহ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। ঘটনার বিচার প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ও প্রশ্ন তুলছিলেন ভুক্তভোগীরা।
গত বছরের ২৪ ডিসেম্বর বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পুনঃতদন্তে সাত সদস্যের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সরকার। গত ৩০ নভেম্বর কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।









