মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে থানা ও নৌ-পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে হোসেন্দী ইউনিয়নের ডুবুরচর এলাকায় মেঘনা নদীর তীরে প্রথমে অজ্ঞাত এক নারীর (আনুমানিক ৩৫) লাশ দেখতে পান স্থানীয় জেলেরা। পরে বেলা সাড়ে ১টার দিকে বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া দাসকান্দী সংলগ্ন কাজলী নদীতে ভাটার সময় তীরে আটকে থাকা অজ্ঞাত এক পুরুষের (আনুমানিক ৩৬) লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, নারীর লাশটা মেঘনা নদীতে ভেসে এসে ডুবুরচরে আটকে গেছে বলে ধারণা করা হচ্ছে। পুরুষের লাশটি সকাল থেকেই কাজলী নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। ভাটা নামতেই তীরে আসে।
গজারিয়া নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরজিৎ কুমার ঘোষ জানান, স্থানীয়দের মারফত খবর পেয়ে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, “দুটি লাশই অজ্ঞাত। পরিচয় নিশ্চিত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। লাশ দুটির ময়না তদন্তের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।









