ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। ঢাকার বাইরে এক নির্জন লোকেশনে তার নতুন ছবি ‘মালিক’–এর অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে আগুনে দগ্ধ হন তিনি।
শুটিং পরিকল্পনা অনুযায়ী দৃশ্যে তার শরীরের নিচের দিকে নিয়ন্ত্রিত আগুন ব্যবহারের কথা ছিল। তবে ক্যামেরা চলা শুরু হতেই আগুনের শিখা নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তেই তার পায়ের দিকে লাফিয়ে ওঠে। শুভ নিজে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
দুর্ঘটনার পর ইউনিটের সদস্যরা দ্রুত তার কাছে পৌঁছে সহায়তা করেন। তবে কীভাবে এই ঘটনা ঘটল বা বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন—এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। ছবির পরিচালক এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এর আগে শুটিং করতে গিয়ে একাধিকবার আহত হয়েছেন আরিফিন শুভ। ‘অগ্নি’ ছবির শুটিংয়ে তিনি থাইল্যান্ডে গুরুতর আহত হন এবং চিকিৎসা নিতে যান ভারতে। ‘কিস্তিমাত’ সিনেমার শুটিংয়েও ঘোড়ার সঙ্গে দুর্ঘটনায় পড়েন তিনি।









