স্ট্রিমিং দুনিয়ায় যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে নেটফ্লিক্স। ৭২ বিলিয়ন ডলারের বিপুল মূল্যে তারা অধিগ্রহণ করতে যাচ্ছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি’র টিভি, ফিল্ম স্টুডিও ও স্ট্রিমিং বিভাগ। চুক্তি বাস্তবায়িত হলে ‘গেম অব থ্রোনস’, ‘ডিসি ইউনিভার্স’ এবং ‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় ও ঐতিহাসিক ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চলে যাবে বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং প্ল্যাটফর্মটির হাতে।
কয়েক সপ্তাহের টানটান আলোচনার পর নেটফ্লিক্স প্রতি শেয়ারে প্রায় ২৮ ডলারের প্রস্তাব দেয়, যা প্রতিদ্বন্দ্বী প্যারামাউন্ট-স্কাইড্যান্সের ২৪ ডলারের অফারকে ছাড়িয়ে যায়। গত বৃহস্পতিবার বাজার শেষে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি’র শেয়ারদর ছিল ২৪.৫ ডলার, মোট বাজারমূল্য প্রায় ৬১ বিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, এই অধিগ্রহণ সফল হলে হলিউডের ক্ষমতার ভারসাম্য নাটকীয়ভাবে নেটফ্লিক্সের দিকে ঝুঁকে যাবে। ওয়ার্নারের বিশাল কনটেন্ট লাইব্রেরি যুক্ত হলে নেটফ্লিক্স দীর্ঘমেয়াদি কনটেন্ট স্ট্র্যাটেজিতে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। তবে চুক্তিটি যুক্তরাষ্ট্র ও ইউরোপ উভয় জায়গাতেই কঠোর অ্যান্টিট্রাস্ট পর্যালোচনার মুখে পড়তে পারে, বিশেষ করে HBO Max-এর প্রায় ১৩০ মিলিয়ন সাবস্ক্রাইবারও এর আওতায় চলে আসবে বলে।
নেটফ্লিক্স দাবি করেছে, এই একত্রীকরণ ভোক্তাদের জন্য আরও সাশ্রয়ী বান্ডল সার্ভিসের সুযোগ তৈরি করবে এবং তারা সিনেমা হলে নিয়মিতভাবে চলচ্চিত্র মুক্তির প্রচলনও বজায় রাখবে। নেটফ্লিক্সের কো-সিইও টেড সারানডোস বলেন, “ওয়ার্নারের সমৃদ্ধ কনটেন্ট লাইব্রেরি আমাদের বৈচিত্র্যময় কনটেন্ট অফারকে আরও শক্তিশালী করবে।”









