এককভাবে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি ব্যবসায়ীরা শাস্তিযোগ্য কোনো অপরাধ করে থাকেন, আমরা তা দেখব এবং আইনসঙ্গত সমস্ত ব্যবস্থা প্রয়োগ করব।”
তিনি আরও বলেন, “ব্যবসায়ীরা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেও সরকার তা জানত না। এর আগে যখন দাম বাড়ানো হয়েছিল, সরকার তা মেনে নেয়নি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বর্তমানে বিক্রি হচ্ছে প্রায় আড়াই মাস আগের দামে। তবে দাম বাড়ানোর যৌক্তিক কারণ থাকলে সেটি নিয়ে আলোচনা করা হবে।”
ব্যবসায়ীদের ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে কি না- এমন প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, “নিয়ন্ত্রণ আছে এবং এর কার্যকারিতা আমাদের পদক্ষেপের মাধ্যমে বোঝা যাবে।”
এদিকে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ব্যবসায়ীরা সরকারের সঙ্গে কোনো আলোচনা ছাড়া দাম বৃদ্ধি করেছে, যা আইন বিরুদ্ধ। তিনি জানান, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং বাজার মনিটরিং জোরদার করতে হবে।
বাজারে সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের দাম বেড়ে ৯ টাকা হয়েছে। নতুন করে বাজারে আসা পাঁচ লিটার বোতল বিক্রি হচ্ছে ৯৬৫ টাকায়, যেখানে আগের দাম ছিল ৯২২ টাকা। লিটারে দাম নির্ধারণ করা হয়েছে ১৯৮ টাকা, যা আগের ১৮৯ টাকার তুলনায় বেশি।









