চলতি ২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি চালের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২ টাকা ৯৮ পয়সা।
সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ আমদানির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে মোট ৯ লাখ টন চাল আমদানির জন্য আগেই অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সরকারি খাদ্য মজুত বৃদ্ধি ও বিতরণ ব্যবস্থা সচল রাখতে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়।
এ উদ্দেশ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৬টি দরপত্র জমা পড়ে এবং সবকটি আর্থিক ও কারিগরি দিক থেকে রেসপনসিভ হিসেবে বিবেচিত হয়। দরপত্র প্রক্রিয়া শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা ভারতের এম/এস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
চুক্তি অনুযায়ী প্রতি টন চালের দাম ধরা হয়েছে ৩৫১ দশমিক ১১ মার্কিন ডলার। এতে ৫০ হাজার টন চাল আমদানিতে মোট ব্যয় হবে ১ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা।









