মানবতাবিরোধী অপরাধের বিচারকার্য পরিচালনার জন্যে সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাস উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বুধবার বিকেল ৩টার দিকে নতুন এই এজলাস উদ্বোধন করেন প্রধান বিচারপতি।
আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলের গুম-খুনসহ চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার এখন দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এতদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণের টিনশেড ভবনে ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম চলছিল। আর ট্রাইব্যুনাল-১ এর কার্যক্রম চলছে মূল ভবনে। টানা সংস্কারকাজ শেষে উদ্বোধনের পর এখন থেকে নতুন এজলাসে চলবে ট্রাইব্যুনাল-২ এর বিচারকাজ।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য বিচারকরা।









