সম্প্রতি রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। শহীদ হাদির স্মৃতিকে অমলিন রাখার অংশ হিসেবে কক্সবাজারের এক জামায়াত কর্মীর দুই নবজাতক সন্তানের নাম রাখা হয়েছে ওসমান ও হাদি।
গত রবিবার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান।
যমজ শিশুদের বাবা জহুর আলম কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার শহর শাখার ৪ নম্বর ওয়ার্ডের অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
আমিনুল ইসলাম হাসান বলেন, “দীর্ঘদিনের পরিচিত ও স্নেহের কর্মী জহুর আলম মহান আল্লাহর রহমতে দুই পুত্র সন্তানের বাবা হয়েছেন। মা–বাবার সম্মতিতে শহীদ ওসমান হাদির স্মরণে শিশুদের নামকরণ করা হয়েছে। একজনের নাম হাসান ওসমান, অন্যজনের নাম হোসাইন হাদি। এটি আমাদের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।”
জহুর আলম বলেন, “শহীদ হাদি শুধু একজন মানুষ নন, তিনি একটি ইতিহাস। তার নামে সন্তানদের পরিচয় দিতে পারাটা আমার জীবনের বড়ো গর্ব।”
উল্লেখ্য, গত শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের অংশগ্রহণে জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
ওসমান হাদির মৃত্যু ঘটে গত ১২ ডিসেম্বর, যখন তিনি রাজধানীর পুরানা পল্টনের রিকশায় থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। চিকিৎসাধীন থেকে ছয় দিন পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ দেশে ফেরানো হয় শুক্রবার সন্ধ্যায়।









