বাংলাদেশ-জাপান যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্ল্যাটফর্মের সভায় আঞ্চলিক যোগাযোগ ও টেকসই বিনিয়োগ বাড়াতে অবকাঠামোগত প্রধান প্রকল্পগুলোর কাজ দ্রুত বাস্তবায়ন এবং বেশ কয়েকটি নতুন প্রকল্পে উভয় পক্ষ সম্মত হয়েছে।
বুধবার রাজধানীর একটি হোটেলে প্ল্যাটফর্মের ৮ম সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিক চৌধুরী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ড. মো. শাকিরুল ইসলাম খান।
জাপান সরকারের পক্ষে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী ভাইস মিনিস্টার ফুজিতা মাসাকুনি এবং আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রেইকোসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় কমলাপুর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩-এর অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স, আউটার রিং রোড এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের স্থানীয় সেতু উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
এ সময় কমলাপুর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাবের সংশোধিত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন ও টার্মিনাল-৩-এর অবশিষ্ট চুক্তি প্রক্রিয়া দ্রুত শেষ করে পিপিপি প্ল্যাটফর্মের অধীনে নিয়মিত পর্যালোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও যোগাযোগ সহজ করার লক্ষ্যে শরীয়তপুর-চাঁদপুর সেতু ও বরিশাল-ভোলা সেতু প্রকল্প দুটিকে এই প্ল্যাটফর্মে নতুন প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ উৎপাদন প্রকল্প ও ভোলা-লক্ষ্মীপুর সেতু প্রকল্প বিষয়ে যৌথ আগ্রহ প্রকাশ করা হয়। একই সঙ্গে জাপানের কারিগরি সহযোগিতায় পুরোনো রেলওয়ে সেতু পুনর্নবীকরণের প্রস্তাবটি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।
পিপিপি কর্তৃপক্ষের সিইও আশিক চৌধুরী বলেন, বাংলাদেশ-জাপান পিপিপি অংশীদারত্ব একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা মানসম্মত বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে কার্যকর ভূমিকা রাখছে।
সভায় সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার পিপিপি প্ল্যাটফর্মের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সফলভাবে বাস্তবায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।









