শুক্রবার । সেপ্টেম্বর ৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া

ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া

Image

✒️॥ তিনা খানম ও কালাম আজাদ ॥

৮৫ বছরের রোকেয়া বেগম। বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাপ-দাদার বাড়িঘর আগলে রেখেছেন তিনিই। তার চোখ থেকে আনন্দাশ্রু গড়িয়ে পড়ছে; চেহারায় খুশির ঝিলিক। প্রিয় সন্তান ঘরে ফিরেছেন, তাও আবার প্রধানমন্ত্রী হয়ে।

রোকেয়া বেগমকে বলতে শোনা যায়, ‘হামাকের ছোল প্রধানমন্ত্রী হয়ে আসিচ্চে। এটাই হামাকের জন্য ম্যালা খুশির খবর। এ কতা খালি কয়ে প্রকাশ করা যাবিনে। ছোলের জন্যে হামরা সগলি খুবই খুশি।’

মহব্বত মণ্ডল নামের স্থানীয় এক যুবকের কথাতেও একই সুর। তিনি বলেন, আগে তারেক রহমান যখন আসতেন তখন আমরা অনেক ছোট। সেসময় মানুষের মুখে মুখে শুধু গল্পই শুনেছি তাঁর। কিন্তু এবার সামনাসামনি দেখব। তাই অনেক আনন্দ লাগছে।

২০০৬ সালের পর প্রথমবার স্মৃতির ধুলো মাখা আদি নিবাসে ফিরলেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই তাঁর প্রথম সফর।

পারিবারিক সূত্রে জানা যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মণ্ডল পরিবারের সন্তান। তাদের মূল বাড়ি ছিল পাশের মহিষাবান গ্রামে। জিয়াউর রহমানের দাদা কামাল উদ্দিন মণ্ডল বাগবাড়ীতে গিয়ে তৎকালীন জমিদার পরিবারের মেয়ে মিছিরুন নেছাকে বিয়ে করেন। এই সম্ভ্রান্ত নারী পৈতৃকসূত্রে ৫০০ বিঘা জমি পান। পরে তিনি স্বামী কামাল উদ্দিনকে নিয়ে বাবার বাড়িতেই সংসার শুরু করেন।

এই দম্পতির সাত ছেলে ও দুই মেয়ে। ছেলেদের মধ্যে মনসুর রহমান পঞ্চম। তিনি জাহানারা বেগম রানীকে বিয়ে করেন। বর্তমান বাড়িতে তাদের সংসারে জন্ম নেয় চার ছেলেসন্তান। তাদের মধ্যে দ্বিতীয় সন্তান জিয়াউর রহমান।

জিয়াউর রহমানের পূর্বপুরুষরা ১৮৯৫ সালে বাগবাড়ী গ্রামে একতলা পাকা বাড়ি নির্মাণ করেন। ১৩০ বছরের প্রাচীন এই বাড়িটি বর্তমানে ‘জিয়াবাড়ি’ হিসেবে সবার কাছে পরিচিত।

২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরের বছর এটি দোতলা করা হয়। সেসময় তারেক রহমান গ্রামে গেলেই সেখানে বিশ্রাম নিতেন।

সর্বশেষ ২০০৬ সালে বগুড়ার বাগবাড়ীতে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর কেটে গেছে প্রায় দুই দশক। এই সময়টাজুড়ে তাকে পোহাতে হয়েছে অমানুষিক নির্যাতন। থেকেছেন নির্বাসনে। তবে দুঃসময়ের সেই কালো অধ্যায় পেরিয়ে আবার আদিপুরুষের ভিটেমাটিতে পা রেখেছেন তারেক রহমান। এবার শুধু দলীয় প্রধান নয়, ফিরেছেন দেশের প্রধানমন্ত্রীর বেশে।

তার আগমনের খবরে বগুড়া শহর থেকে শুরু করে বাগবাড়ীর পাড়ামহল্লায় এখন সাজ সাজ রব। এলাকাবাসীর উচ্ছ্বাসে যেন কমতি নেই। তারেক রহমান দীর্ঘদিন নির্বাসনে থাকলেও বগুড়ার গাবতলী উপজেলা ও পৈতৃক ভিটার সঙ্গে তার আত্মার সম্পর্ক কখনও কমেনি।

কিশোর বয়সে ১৯৮১ সালে বাবাকে হারান তিনি। ছাত্রাবস্থায় স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে মায়ের সহচর হিসেবে ছিলেন। অবশ্য তাঁর রাজনৈতিক জীবনের সূচনা বগুড়ার গাবতলীর মাটি থেকে।

সেসময় বাবা জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হন তারেক রহমান। মাত্র ২১ বছর বয়সে ১৯৮৮ সালে তিনি বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হন। তখন থেকে পৈতৃক ভিটার সঙ্গে তার যোগাযোগ আরও বাড়তে থাকে।

গাবতলী নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান রোকন তালুকদার বলেন, দিনতারিখ মনে না থাকলেও তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে এসেছিলেন। মোট যে কতবার এসেছেন তার কোনো হিসাব নেই। তবে বগুড়ায় এলেই বাগবাড়ী আসতেন। লন্ডনে থাকাকালীনও তিনি এখানকার মানুষের খোঁজ নিয়েছেন। বাগবাড়ীর হাসপাতালটির খোঁজখবর রাখতেন।

দীর্ঘ ২০ বছর পর ঘরের ছেলে ফিরেছেন প্রধানমন্ত্রী হয়ে। তাঁর বগুড়া আগমনের বসন্তের ফুলের মতো নতুন রূপে সেজেছে পুরো জেলা।

দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত বগুড়াকে আধুনিক ও স্বপ্নের নগরী হিসেবে গড়ে তোলার এক নতুন সূচনা হিসেবেই দেখা হচ্ছে এবারের সফরকে। আর সেই নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে প্রায় দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণার মধ্য দিয়ে।

পাশাপাশি ই-বেইলবন্ড কার্যক্রমের সূচনা, ফ্যামিলি কার্ড বিতরণ এবং আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে তাঁর সফরে। স্থানীয় প্রশাসন নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি জোরদার করেছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী একজন জনবান্ধব মানুষ। তিনি বগুড়ার কৃতী সন্তান। তাঁর সফরে সরকারি কর্মসূচি শেষে বগুড়ার মানুষের সঙ্গে আলাদা করে দেখা এবং কথা বলার জন্য জনসভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রী বগুড়ায় সফর উপলক্ষ্যে আমরা সবাই ঐকমত্য পোষণ করব এবং এক সুরে কথা বলব। আগামীতে বগুড়ার উন্নয়ন হবে এটাই প্রত্যাশা সবার।

অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় প্রশাসনের নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। এই সফর বগুড়াবাসীর স্বপ্ন বাস্তবায়নের সফর।

দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের ঘরের ছেলে। তিনি ঘরে ফিরছেন; বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আসছেন তিনি। তাঁর কাছে আমাদের অনেক প্রত্যাশা। এবার তারেক রহমান আসছেন বগুড়ার মানুষের স্বপ্ন বাস্তবায়নের উপলক্ষ হয়ে।

তিনি আরও বলেন, গত ১৭ বছর উন্নয়নবঞ্চিত হয়েছে বগুড়া। সেই বঞ্চনা কাটাতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর। এবার বগুড়ার উন্নয়ন বাস্তবতার মুখ দেখবে বলে প্রত্যাশা রাখি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলাজুড়ে যে উৎসব ছড়িয়ে পড়েছে তা দেখেও অনেক ভালো লাগছে।

Releated Posts

স্বজনপ্রীতি ও অনিয়মের বেড়াজালে বন্দি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

স্বজনপ্রীতি ও অনিয়মের বেড়াজালে বন্দি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

​প্রতিষ্ঠার পাঁচ বছর পার হলেও কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক ভিত্তি পায়নি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। কোনো স্থায়ী শিক্ষক, কর্মকর্তা…

সেপ্টেম্বর ১, ২০২৬
গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার ও জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে…

আগস্ট ২৯, ২০২৬
৯৯.৯১% কাজ শেষ, তবু ব্যয় বাড়ছে ৯০২ কোটি টাকা

৯৯.৯১% কাজ শেষ, তবু ব্যয় বাড়ছে ৯০২ কোটি টাকা

শাহজালালের থার্ড টার্মিনাল প্রকল্পের মেয়াদ আরো এক বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করার উদ্যোগ। ১৩ হাজার ৬১০…

আগস্ট ২৯, ২০২৬
অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন…

আগস্ট ২৯, ২০২৬
নেপালে ধ্বংসস্তূপ থেকে ৯৭ বছরের বৃদ্ধাকে জীবিত উদ্ধার

নেপালে ধ্বংসস্তূপ থেকে ৯৭ বছরের বৃদ্ধাকে জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ দুর্যোগের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়…

আগস্ট ২৯, ২০২৬
বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

► বসতে চান অংশীজনেরা ► ৫০-৬০ শতাংশ উন্নতির আশা ► গাইডলাইনের প্রত্যাশা পোশাক ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে…

আগস্ট ২৯, ২০২৬
অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি

অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি

নতুন নীতিমালা জারি ✒️মানিক মুনতাসির বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ও অবৈধ অর্থ স্থানান্তর ঠেকাতে আমদানিতে নজরদারি বাড়াচ্ছে সরকার।…

আগস্ট ২৬, ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটির ক্ষেত্রে শিক্ষাকেই অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা…

আগস্ট ২৬, ২০২৬
ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে ক্যামেরুনের মিডফিল্ডার কার্লোস বালেবাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার ২২ বছর বয়সী এই…

আগস্ট ২৬, ২০২৬