রবিবার । মে ১৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী

Image

‘বেগম খালেদা জিয়া’ দেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তিনি ছিলেন কোটি কোটি মানুষের আপসহীন নেত্রী। ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী। রাজনীতিতে প্রবেশের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন এক সাদামাটা গৃহবধূ। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংগ্রামমুখর শাহাদাতের পর এক কঠিন সময়ে দেশের রাজনীতির হাল ধরেন। দেশ পরিচালনার কঠিন দায়িত্ব তুলে নেন নিজের হাতে। দেশ ও দেশের মানুষকে ভালোবেসেই চার দেয়ালের সংসারের বাইরে বেরিয়ে রাজপথের  সংগ্রামমুখর কঠিন পথে নামেন খালেদা জিয়া। ছোট দুই ছেলের পাশাপাশি বিধ্বস্ত বিএনপির পুনর্গঠনের গুরুদায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। হয়ে উঠেছিলেন নিজের রাজনৈতিক দায়িত্ববোধ ও জনগণের প্রতি ভালোবাসায় ঐক্যের প্রতীক।

নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলায় দেশ পরিচালনায় শীর্ষ পদে যেমন থেকেছেন, একই সঙ্গে ক্ষমতার পালাবদলে দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন। শারীরিক অসুস্থতা নিয়েও নিজের দৃঢ় মনোবল ধরে রেখেছিলেন। জীবনের শেষ ভাগে পরিবার ও নিকটজন ছাড়া কাটিয়েছেন অনেকটা সময়। দেশের স্বার্থে খালেদা জিয়ার ব্যক্তিগত আত্মত্যাগ বরাবরই থাকবে মানুষের মুখে মুখে। একজন দেশনেত্রীর এই দৃঢ় মনোভাব ও ব্যক্তিত্ব ছুঁয়ে গেছে সাধারণের হৃদয়।

আশির দশক থেকে শুরু করে ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানেও খালেদা জিয়া দিকনির্দেশনা দিয়ে গেছেন তাঁর নেতা-কর্মী ও দেশের মানুষকে। দেশের রাজনৈতিক ইতিহাসের এই উজ্জ্বল নক্ষত্রের তিরোধানের মধ্য দিয়ে পর্দা নামল ঐতিহাসিক এক সময়ের। তবে বয়স ও শারীরিক নানান জটিলতাও এই দেশনেত্রীকে তাঁর দৃঢ় মনোবল ও রাজনৈতিক আদর্শ থেকে দমিয়ে রাখতে পারেনি।

১৯৪৬ সালের ১৫ আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তাঁর বাবার নাম এস্কান্দার মজুমদার এবং মায়ের নাম তৈয়বা মজুমদার। তাঁর পৈতৃক ভিটা ফেনীর ফুলগাজী উপজেলায়। খালেদা জিয়ার বিবাহপূর্ব নাম ছিল খালেদা খানম, ডাকনাম পুতুল। বিয়ের পর স্বামী জিয়াউর রহমানের নামের সঙ্গে মিলিয়ে নাম নিয়েছিলেন খালেদা জিয়া। বিএনপির সিনিয়র নেতা-কর্মীরা জানান, রাজনীতি নিয়ে শত ব্যস্ততার মাঝেও খালেদা জিয়া পারিবারিক কর্তব্য পালনে সক্রিয় থাকতেন।

১৯৬০ সালের আগস্টে জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। সে সময় জিয়াউর রহমান ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন। ডিএফআইয়ের অফিসার হিসেবে তখন দিনাজপুরে কর্মরত ছিলেন। ১৯৬৫ সালে স্বামীর সঙ্গে খালেদা জিয়া পশ্চিম পাকিস্তানে যান। সে বছর প্রথম পুত্র তারেক রহমানের জন্ম হয়। ১৯৬৯ সালের মার্চ পর্যন্ত তাঁরা করাচিতে ছিলেন। এরপর ঢাকায় চলে আসেন। ১৯৭০-এর ১২ আগস্ট দ্বিতীয় পুত্র আরাফাত রহমান কোকোর জন্ম হয়। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান কোকো। ১৯৭০ সালে দেশে ফিরে জিয়াউর রহমান কিছুদিন জয়দেবপুর সেনানিবাসে থাকার পর চট্টগ্রামে পোস্টিং হলে ষোলশহর এলাকায় বসবাস করেন। স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে যাওয়ার পর বেগম জিয়া চট্টগ্রাম থেকে নৌপথে ১৬ মে ঢাকায় আসেন। বড় বোন খুরশিদ জাহানের বাসায় ১৭ জুন পর্যন্ত থাকেন। ২ জুলাই সিদ্ধেশ্বরীতে এস আবদুল্লাহর বাসা থেকে পাকিস্তানি সেনারা তাঁকে দুই ছেলেসহ বন্দি করে। ১৯৭১-এর ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি ছিলেন। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলে মুক্তি পান। রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া ছিলেন সাধারণ গৃহবধূ। মূলত দুই পুত্রকে লালনপালন ও সংসারের কাজ করেই সময় কাটাতেন। রাজনীতি নিয়ে চিন্তা দূরের কথা, রাজনৈতিক কোনো অনুষ্ঠানেও তাঁর দেখা মিলত না। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালেও রাজনীতিতে মাথা ঘামাতেন না বেগম জিয়া। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়ার ছোট বোন সেলিনা ইসলাম বলেছিলেন, ‘খালেদা জিয়ার রাজনীতি নিয়ে কোনো চিন্তাই ছিল না। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকার সময়ও খালেদা জিয়া কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হননি।’

১৯৮১ সালের ৩০ মে একদল উচ্চাভিলাষী সেনা কর্মকর্তার ব্যর্থ সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। মাত্র ৩৬ বছর বয়সে বিধবা হন খালেদা জিয়া। প্রেসিডেন্ট জিয়ার শাহাদাতের পর রাষ্ট্রপতি নির্বাচিত হন তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার। এরপর তাঁকে সরিয়ে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ। জিয়া হত্যার পর বিএনপি ছত্রভঙ্গ ও দিশাহারা হয়ে পড়ে। এরপর নেতা-কর্মীদের আহ্বানে ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। ১৯৮৩ সালের মার্চে খালেদা জিয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। ১ এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা করেন। সে সময় বিচারপতি আবদুস সাত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ১০ মে পার্টির চেয়ারপারসন নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

স্বৈরশাসক এরশাদের আমলে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন খালেদা জিয়া। বিএনপির নেতৃত্বে গড়ে তোলেন এরশাদবিরোধী সাতদলীয় জোট। এ সময় কয়েকবার আটক করা হলেও নিজের অবস্থান থেকে নড়েননি। নব্বইয়ের গণ অভ্যুত্থানে এরশাদের পতনের পর ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিএনপি। জীবনের প্রথম নির্বাচনে পাঁচটি আসন থেকে দাঁড়িয়ে সব কটিতেই জয়লাভ করেন খালেদা জিয়া। নয় বছরের রাজনীতি করেই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে তিনি দ্বিতীয়বারেরে মতো প্রধানমন্ত্রী হন। আন্দোলনের মুখে ষষ্ঠ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস হয় এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে পরাজিত হয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে বিএনপি। সে সময় খালেদা জিয়া ছিলেন বিরোধী দলনেত্রী। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে জোটসঙ্গী জামায়াতে ইসলামীকে নিয়ে সরকার গঠন করে বিএনপি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। মেয়াদ পূর্ণ করে ২০০৬ সালের অক্টোবরের শেষে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। ২০০৭-এর ৩ সেপ্টেম্বর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে পুত্রসহ আটক হন খালেদা জিয়া। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর সর্বোচ্চ আদালতের নির্দেশে মুক্তি লাভ করেন। ২০০৮-এর ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় ঐক্যজোট পরাজিত হয়। আর ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোটসহ সমমনা দল বর্জন করে। এরপর ২০১৮ সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি। আর ২০২৪-এর নির্বাচন আবারও বর্জন করে দেশের বৃহৎ এই রাজনৈতিক দল।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার ১৭ বছরের সাজা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সম্পর্কিত দুর্নীতির দুটি বিতর্কিত মামলায়। এরপর তাঁকে বন্দি করে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে রাখা হয়। দুই বছরের বেশি জেল খেটে অসুস্থতার কারণে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে বিভিন্ন শর্তে মুক্তির পর তিনি গুলশানের বাসায় ওঠেন।

এ সময় বিদেশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার পরিবারের সদস্যরা একাধিকবার আবেদন করলেও সে সময় আওয়ামী লীগ সরকারের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি। দীর্ঘ সময় বন্দি থাকার পর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারত পলায়নের পর দেশনেত্রী মুক্তি পান। তাঁকে সীমিত পরিসরে রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাষ্ট্রীয় ও কূটনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। সবশেষ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন। পরে শ্বাসকষ্ট দেখা দিলে ২৩ নভেম্বর তাঁকে জরুরি ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়াকে তিনটি আসনে প্রার্থী করেছিল বিএনপি।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কিডনি, যকৃতের রোগ, অস্থির হিমোগ্লোবিন, ডায়াবেটিসসহ বয়স্কজনিত অন্য জটিলতায় ভুগছিলেন। ২০২১ সালে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। ২০২২ সালে খুব অসুস্থ হয়ে পড়েন। তিনি এভারকেয়ার হাসপাতালে বেশ কয়েকবার ভর্তি হন। ২০২৫ সালের ৭ জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। চলতি বছরের ৫ মে লন্ডন থেকে ঢাকায় ফেরেন। এরপর ১৯ জুন আবার হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে জুলাই, আগস্ট ও অক্টোররে তাঁকে কয়েকবার হাসপাতালে যেতে হয়। সর্বশেষ ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন আর গতকাল সকাল ৬টায় ৭৯ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন আপসহীন নেত্রী।

একজন সাধারণ গৃহবধূ থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলন, নিরলস সংগ্রাম, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার আত্মত্যাগ ও সর্বশেষ চরম সংকটে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি শেষ পর্যন্ত কেবল একটি দলের নেত্রী নন, দেশনেত্রী থেকে তাঁর উত্তরণ ঘটে দেশমাতায়। এই মহীয়সী রাজনীতিকের বাংলাদেশের সংগ্রামমুখর রাজনৈতিক উপাখ্যানের ইতি ঘটল।

Releated Posts

সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমি একটুও ভাবি না : ট্রাম্প

সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমি একটুও ভাবি না : ট্রাম্প

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে বাড়ছে মূল্যস্ফীতি। যা সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলছে। ফলে ইরানের সঙ্গে চুক্তি…

মে ১৩, ২০২৬
এলজিইডি’র প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

এলজিইডি’র প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

এলজিইডি’র অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল…

মে ১৩, ২০২৬
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার : তথ্যমন্ত্রী

৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা আমরা বহন করছি। আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর…

মে ১৩, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ…

মে ১৩, ২০২৬
এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

দশ বছরে এসএসসি এবং ১২ বছরে এইচএসসি পরীক্ষার লক্ষ্য নিয়ে সিলেবাস সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন…

মে ১৩, ২০২৬
হামের টিকার তদন্ত নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

হামের টিকার তদন্ত নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের টিকা নিয়ে কে দোষ করেছে, সেটা খোঁজার…

মে ১৩, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ…

মে ১৩, ২০২৬
ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী…

মে ১২, ২০২৬
ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংক তারা-এর মেলবন্ধনে উদযাপিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংক তারা-এর মেলবন্ধনে উদযাপিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

ঢাকার গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে রবিবার বিশ্ব মা দিবসে অনুষ্ঠিত হলো “দ্য মাদারহুড মুভমেন্ট” — মাতৃত্ব ও উদ্যোক্তা…

মে ১০, ২০২৬