গাজীপুরে সড়ক দুর্ঘটনায় জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকালে গাজীপুর থেকে কিশোরগঞ্জের হাওর এলাকায় যাওয়ার পথে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আহতরা হচ্ছেন- গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পিপি মকবুল হোসেন কাজল, আইনজীবী ইকবাল হোসেন, মহসীন রেজা সরকার ও ইজিবাইক চালক স্বাধীন মিয়া।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম জানান, সকালে গাজীপুর থেকে ৯আইনজীবী কিশোরগঞ্জের হাওর এলাকায় ঘুরতে যান। বিকেলে মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে অটোরিকশায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী পিকআপের সঙ্গে তাদের অটোরিকশার সংঘর্ষ হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অ্যাড. মিজানুর রহমান মারা যান। গুরুতর আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে জানান, পিকআপ ও ইজিবাইকটি থানায় আনা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।









