হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে ইরানের হেংগাম ও কেশম দ্বীপের কাছাকাছি সমুদ্র এলাকায় জাহাজটিতে হামলার ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিকে দেওয়া বক্তব্যে কেশম শহরের গভর্নর আমির তেইমুরি জানান, স্থানীয় সময় ভোর ৫টার দিকে জাহাজটিতে হামলা হয়। এতে একজনের মৃত্যু এবং তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।
হামলার আগে রাতভর হরমুজ প্রণালির সবচেয়ে বড় দ্বীপ কেশমের আশপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন করে হামলার ঘটনা ঘটল। তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।
তেহরানের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তারা প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করেছে। সংঘাত শুরুর আগে এই পথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলো নিয়মিতভাবে চলাচল করত।
বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করতে জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে হচ্ছে। নিরাপত্তা ও সার্বভৌমত্বের কথা উল্লেখ করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট সেবা ফি চালুর বিষয়টিও বিবেচনা করছে ইরান।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দেওয়া নির্দেশনা না মানা কিছু জাহাজ হামলার মুখে পড়ছে। এর বিপরীতে হরমুজ প্রণালিতে তেহরানের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ জানাতে যুক্তরাষ্ট্রও মাঝেমধ্যে ইরানের উপকূলীয় এলাকায় হামলা চালাচ্ছে।
এদিকে, হরমুজ প্রণালির অচলাবস্থা নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও উপসাগরীয় দেশগুলো। সোমবার ওমানে অনুষ্ঠেয় বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রণালির অপর প্রান্তে থাকা দেশটি।
সূত্র: আলজাজিরা









