কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি ভবিষ্যতে মানুষের জন্য কতটা নিরাপদ—এ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী ডারিও অ্যামোডেই মনে করেন, প্রযুক্তিটির বিকাশ কিছুটা ধীর করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও সময় দেওয়া প্রয়োজন।
শনিবার সিএনএনের অ্যান্ডারসন কুপারের সঙ্গে এক সাক্ষাৎকারে অ্যামোডেইকে প্রশ্ন করা হয়, এআই একসময় মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে কি না। জবাবে তিনি বলেন, এ বিষয়ে অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সনের আশঙ্কার সঙ্গে তিনি অনেকটাই একমত।
সম্প্রতি অ্যানথ্রপিকের চাকরি ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সন দাবি করেন, উন্নত এআই তৈরির সঙ্গে যুক্ত অনেকেই মনে করেন, দশকের শেষ নাগাদ এই প্রযুক্তি মানবজাতির জন্য ভয়াবহ হুমকি তৈরি করতে পারে। তাঁর সেই পোস্ট ইতোমধ্যে ১৫ কোটির বেশি বার দেখা হয়েছে।
তবে এআইয়ের কারণে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়ার সম্ভাবনাকে নির্দিষ্ট কোনো শতাংশ দিয়ে ব্যাখ্যা করতে চান না অ্যামোডেই। বরং কোন পরিস্থিতিতে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, সেটিকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন।
অ্যামোডেই বলেন, ভবিষ্যতের ঝুঁকি অনেকটাই নির্ভর করবে মানুষ ও প্রতিষ্ঠানগুলো প্রযুক্তিটিকে কোন পথে নিয়ে যাচ্ছে তার ওপর। দায়িত্বশীলভাবে এগোতে পারলে ঝুঁকি খুব কম রাখা সম্ভব। কিন্তু ভুল সিদ্ধান্ত বা ভুল ব্যবহারের ক্ষেত্রে সেই ঝুঁকি দ্রুত বাড়তে পারে।
এআই নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের ওপরও জোর দেন তিনি। একই সঙ্গে সতর্ক করে বলেন, উন্নয়নের গতি একেবারে থামিয়ে দেওয়াও সমাধান নয়। এতে বরং প্রযুক্তির নিয়ন্ত্রণ ভুল মানুষের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
কেন এআইয়ের গতি কমানোর পক্ষে অ্যামোডেই?
সম্প্রতি নিজের একটি ব্লগ পোস্টেও এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী। তাঁর মতে, এআই মানুষের জন্য বড় ধরনের সুবিধা নিয়ে আসতে পারে, কিন্তু একই সঙ্গে এটি এত শক্তিশালী প্রযুক্তি যে এর অপব্যবহারও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
এআই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, সাইবার হামলা ও জৈব সন্ত্রাসে এর ব্যবহার এবং বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়—এসবকে সম্ভাব্য ঝুঁকি হিসেবে তুলে ধরেছেন তিনি। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেও সতর্ক করেছেন অ্যামোডেই।
তাই এআই মডেলের সক্ষমতা বাড়ানোর গতি কিছুটা কমিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, এতে প্রযুক্তির অগ্রগতি বন্ধ হবে না; বরং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার জন্য অতিরিক্ত সময় পাওয়া যাবে।
সমর্থন জানালেন অল্টম্যান-মাস্ক
অ্যামোডেইর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। শনিবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, এআইয়ের উন্নয়নের গতি নিয়ন্ত্রণের বিষয়ে অ্যামোডেইর অবস্থানের সঙ্গে তিনি একমত।
অল্টম্যান বলেন, এআই নিরাপত্তা নিয়ে ওপেনএআইও সাম্প্রতিক সময়ে আলোচনা করছে। স্বাধীন মূল্যায়নকারীদের মাধ্যমে এআই মডেল পরীক্ষা ও পর্যালোচনার সুযোগ দেওয়ার প্রস্তাবের প্রতিও সমর্থন জানিয়েছেন তিনি। একই ধরনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে ওপেনএআইয়েরও।
অ্যামোডেইর বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন টেসলা ও এক্সএআইয়ের প্রধান ইলন মাস্কও। এক্সে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ‘ডারিও ঠিক বলেছেন।’
অন্যদিকে, ফোরচুনকে দেওয়া সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, এআইয়ের নিরাপত্তা এবং মানুষের স্বার্থের সঙ্গে প্রযুক্তিটির সামঞ্জস্য নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সরকারগুলোকেও সমন্বিতভাবে কাজ করতে হবে।
এর আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্কও এআইয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দেশগুলোর প্রতি তিনি শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
সূত্র: CNN, NDTV









