সাতক্ষীরায় বিচার বিভাগকে ঘিরে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও জটিলতা বাস্তবসম্মতভাবে সমাধানের মাধ্যমে বিচারিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্থানীয় আদালতগুলোর কার্যক্রম নিয়ে যেসব সংকটের কথা তিনি শুনেছেন, সেগুলোর বাস্তবসম্মত সমাধান করে সরকার এগিয়ে যাবে।
এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সমন্বয় সভায় যোগ দেন তিনি। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির শেষ দিকে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে তৃণমূল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে আইনমন্ত্রীর।









