দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই রিকশাভ্যানের চালক নওমুসলিম জোবায়ের আহম্মেদের (৬০) মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন রিকশাভ্যানের অন্য যাত্রী। বুধবার রাত সোয়া ৮টার দিকে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার জয়নগর নামক স্থানে ঘটনাটি ঘটেছে।
নিহত রিকশাভ্যান চালক নওমুসলিম জোবায়ের আহম্মেদ (৬০) বিরামপুর উপজেলার প্রাণনাথপুর (রতনপুর) গ্রামের রাম হেম্ব্রমের ছেলে। এসময় আহত হয়েছেন সিলবানুস সরেন (৪২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাস জয়নগর নামক স্থানে পেছন থেকে রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে রিকশাভ্যান চালকসহ যাত্রী সড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের চালক নওমুসলিম জোবায়ের আহম্মেদের মৃত্যু হয়। অন্য রিকশাভ্যান যাত্রীকে মুমূর্ষু অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শাহ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনায় রিকশাভ্যান চালক নওমুসলিম জোবায়ের আহম্মেদের মৃত্যু হয়েছে। আহত অপরজনকে চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া হয়েছে।








