আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন নারী এককের শিরোপা জিতেছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। তিন সেটের রোমাঞ্চকর লড়াইয়ে বেলারুশের তারকাকে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারে যোগ করেছেন তৃতীয় গ্র্যান্ড স্লাম ট্রফি।
শুধু শিরোপাই নয়, এই জয়ের সঙ্গে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও নিজের করে নিয়েছেন রিবাকিনা। সাবালেঙ্কাকে সরিয়ে এখন নারী টেনিসের এক নম্বর খেলোয়াড় কাজাখ এই তারকা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রিবাকিনা। সাবালেঙ্কার শক্তিশালী শট সামলে গভীর গ্রাউন্ডস্ট্রোক ও কার্যকর ব্যাকহ্যান্ডে প্রতিপক্ষকে চাপে রাখেন তিনি। ৫-৩ গেমে এগিয়ে যাওয়ার পর প্রথম সেট ৬-৪ ব্যবধানে নিজের করে নেন রিবাকিনা।
দ্বিতীয় সেটে অবশ্য ম্যাচে ফিরতে বেশি সময় নেননি সাবালেঙ্কা। ৫-৫ গেমে সমতা থাকার পর রিবাকিনার সার্ভিস ব্রেক করে ৭-৫ ব্যবধানে সেট জিতে লড়াই নিয়ে যান তৃতীয় সেটে।
শেষ সেটে অবশ্য আর সাবালেঙ্কাকে সুযোগ দেননি রিবাকিনা। শুরুতেই এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন তিনি। শেষ পর্যন্ত ৬-২ গেমে সেট জিতে নিশ্চিত করেন ইউএস ওপেনের শিরোপা।
এই জয় রিবাকিনার জন্য আরও বিশেষ হয়ে থাকল সাবালেঙ্কার বিপক্ষে গ্র্যান্ড স্লাম ফাইনালে দ্বিতীয় জয়ের কারণে। চারটি গ্র্যান্ড স্লাম ফাইনালের তিনটিতেই মুখোমুখি হয়েছেন তারা। ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কার কাছে হারলেও এবার প্রতিশোধ নিয়েছেন রিবাকিনা। চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও অবশ্য সাবালেঙ্কাকেই হারিয়েছিলেন তিনি।
ফ্লাশিং মিডোজেও সাবালেঙ্কার দারুণ রেকর্ড থামল রিবাকিনার হাতে। এর আগে ইউএস ওপেনে টানা ২০ ম্যাচ অপরাজিত ছিলেন বেলারুশের এই তারকা। কিন্তু ফাইনালে হারের পর হতাশা সামলাতে না পেরে চেয়ারেই র্যাকেট আছড়ে ফেলেন তিনি।
শিরোপা নিশ্চিত হওয়ার পর আবেগ ধরে রাখতে পারেননি রিবাকিনাও। পুরস্কার জয়ের পর তিনি বলেন, ‘এখন আমার মুখে কোনো কথা আসছে না। নিউইয়র্কের প্রেমে আমি দিন দিন আরও বেশি পড়ছি।’
ইউএস ওপেনে এর আগে কখনো চতুর্থ রাউন্ডের গণ্ডি পেরোতে পারেননি রিবাকিনা। এবার সেই ইতিহাস বদলে সরাসরি শিরোপা জিতে নিলেন কাজাখ এই তারকা।









