বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। দুই সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন শাই হোপ। ওয়ানডে দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটসম্যান আকিম অগাস্ট। কবজির চোটের কারণে ওয়ানডে দলে নেই নিয়মিত ওপেনার এভিন লুইস। তার পরিবর্তেই ডাক পেয়েছেন আকিম।
এ ছাড়া ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হওয়া স্পিনার খারি পিয়েরও ফিরেছেন ওয়ানডে দলে। অন্যদিকে নেপাল সিরিজে অভিষিক্ত বাঁহাতি পেসার র্যামন সিমন্ডস ও ব্যাটসম্যান আমির জাঙ্গুকে রাখা হয়েছে টি–টোয়েন্টি স্কোয়াডে। গত বছর ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলা অলিক আথানেজেও ফিরেছেন দলে।
স্পিন আক্রমণে খারি পিয়েরে সঙ্গী হবেন গুড়াকেশ মোতি ও রোস্টন চেজ। দুই ফরম্যাটেই রয়েছেন পেসার শামার জোসেফ, যিনি চোটের কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি। ১৮ অক্টোবর ঢাকায় প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর। তিন ম্যাচের ওয়ানডেই অনুষ্ঠিত হবে ঢাকায়।
এরপর চট্টগ্রামে ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর শেষ হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। দল ঘোষণা শেষে ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি এক বিবৃতিতে বলেন, ‘জয়ের মানসিকতা ধরে রাখতে এবং দলীয় ঐক্য আরও মজবুত করতে এই দল মাঠে নামবে। এই দুটি বিষয় দীর্ঘমেয়াদে সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সফর আমাদের জন্য বিশ্বকাপের সরাসরি যোগ্যতা অর্জনের আরেকটি সুযোগ।
স্যামি আরো বলেন, ‘আকিমকে দলে নেওয়া প্রমাণ করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কিভাবে নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি করছে। অনূর্ধ্ব–১৫ দল থেকে শুরু করে ধাপে ধাপে সিনিয়র দলে আসা আকিম এখন ভবিষ্যতের সম্পদ।’
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল
শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।
ওয়েস্ট ইন্ডিজ টি–টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র্যামন সিমন্ডস।









