বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতায় তিনি নির্বাচনকে সামনে রেখে মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “এটা সাধারণ নির্বাচন নয়; গণ-অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নির্বাচন। তাই সেভাবেই দায়িত্ব পালন করতে হবে।”
নির্বাচনী দায়িত্ব বণ্টনে পক্ষপাতহীনতা নিশ্চিত করতে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তাদের দৈবচয়নের (লটারি) মাধ্যমে নির্বাচিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন,
“নিজের ওপর ছেড়ে দিলে অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও পক্ষপাতিত্ব ঢুকে পড়ে। আমরা চাই সম্পূর্ণ নিরপেক্ষতা।”
আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে “নতুন বাংলাদেশের জন্ম” হবে দাবি করে প্রধান উপদেষ্টা পুলিশকে ‘ধাত্রীর ভূমিকা’ পালন করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “কাপুরুষের মতো বসে থাকা নয়—শহীদদের স্বপ্ন পূরণে কাজ করতে হবে।”









