আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মন্ডলকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
রাত ১১টার দিকে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।
ডিবি সূত্রে জানা গেছে, আবদুল জলিল মন্ডলের বাড়ি পাবনা জেলায়। পুলিশ বাহিনীতে দীর্ঘ সময় দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে আবদুল জলিল মন্ডল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন।









