মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইউক্রেনকে বিনামূল্যে অস্ত্র সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র। জনগণের করের অর্থে কিয়েভকে অস্ত্র কিনে সরবরাহ করা বন্ধ হয়ে গেছে।
জর্জিয়ায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তবে জেডি ভ্যান্স জানান, ইউরোপীয়রা চাইলে নিজেদের অর্থে অস্ত্র কিনে কিয়েভকে দিতে পারে।
এদিকে চীন সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভকে নিয়ে নতুন সামরিক জোট গঠনের পায়তারা করছে পশ্চিমারা। যুদ্ধের ময়দানে গত একদিনে ব্যাপক সংঘর্ষ হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।
যুদ্ধের ময়দানে পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে রাশিয়া-ইউক্রেন। গত একদিনে বিভিন্ন স্থানে ২ শতাধিকবার মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এছাড়া দিনিপ্রোপেত্রভস্ক এবং জাপোরিঝিয়াসহ একাধিক অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রুশ সেনারা।
বুধবার স্থানীয় সময় ভোররাত থেকে ওডেসা বন্দরসহ ইউক্রেনের অন্তত নয়টি স্থানে তিন শতাধিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে বিদ্যুৎ অবকাঠামো ও আবাসিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউক্রেনের চলমান হামলায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হচ্ছে রুশ শিবিরেও। গত একদিনে রাশিয়ার বহু সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। একই সঙ্গে শত্রুপক্ষের আর্টিলারি ও রকেট সিস্টেম এবং প্রায় এক হাজার ৪০০টি ড্রোন ধ্বংস করার দাবিও তাদের। তবে জেলেনস্কি বাহিনীর এমন প্রতিরোধের মুখেও ক্রেমলিন দমে না গিয়ে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে অভিযানের তীব্রতা আরও বাড়িয়েছে।








