চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (৩১ অক্টোবর) সকালে ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধনকালে তিনি জানান, সমস্যা কাটিয়ে ভবিষ্যতে ফল ভালো করতে চেষ্টা করা হচ্ছে।
এ বছর এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অকৃতকার্য হয়েছেন মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ শিক্ষার্থী।
মন্ত্রী বলেন, এসব সমস্যা কীভাবে কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হবে। ঘাটতি পূরণে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী দিনে যেন রেজাল্ট সুন্দর হয়।’
উত্তরপত্র পুনর্মূল্যায়নের (রিস্ক্রুটিনি) আবেদন ১ নভেম্বর থেকে করা যাবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, গত এসএসসি পরীক্ষায় উত্তরপত্র পুনরায় যাচাই (রি-এক্সামিন) করা হয়েছিল এবং তাতে ৩ হাজার ৭৯ জন জিপিএ-৫ পেয়েছিলেন। এবারও তা করা হবে। ‘কেউ যেন অবমূল্যায়িত না হয়, সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনে কাজ করা হবে,’ বলেন তিনি।








