মঙ্গলবার । নভেম্বর ১৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

Image

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আট মাস ধরে চলা সংঘাতের পুনরাবৃত্তি এড়াতে সোমবার তিনি এ ইঙ্গিত দেন। একই সময়ে তেহরানও মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে ‘নিবিড়’ আলোচনা চলার কথা জানিয়েছে এবং কঠোর শর্তে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে। তবে সংঘাত এবং এর ফলে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোটারদের অসন্তোষের মুখে পড়েছে দলটি।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তেহরানের সঙ্গে একটি চুক্তি ‘হতে পারে’।

তিনি বলেন, ‘ইরান যত দ্রুত সম্ভব একটি সমঝোতায় পৌঁছাতে চায়।’

তবে কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা নতুন করে অনিশ্চয়তায় পড়ে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। পত্রিকাটির ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিরুদ্ধে গোপনে চালানো সীমিত হামলাগুলোর মধ্যে এটি সর্বশেষ।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে অল্প সময়ের ব্যবধানে পরপর পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ বিষয়ে মন্তব্য জানতে এএফপি যোগাযোগ করলেও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
এর আগে সংঘাতের অবসান ঘটার সম্ভাবনা নিয়ে আশাবাদের মধ্যে সোমবার বিশ্ববাজারে তেলের দাম ৭ শতাংশের বেশি কমে যায়।

মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ আগে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটি প্রকাশিত হয়। নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের অন্তত আংশিক নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আশা করছে। এতে দুই বছর পর প্রথমবারের মতো ট্রাম্পের ওপর রাজনৈতিক সীমাবদ্ধতা তৈরি হতে পারে।

হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনা চলছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতির সংবেদনশীলতা ও গুরুতর বিবেচনায় পরামর্শ ও আলোচনা অত্যন্ত নিবিড়ভাবে চলছে।’

তিনি বলেন, ‘কাতার ও পাকিস্তান এসব আলোচনায় অত্যন্ত সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।’
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তিনি ও ট্রাম্প আশাবাদী।

সোমবার সাংবাদিকদের ভ্যান্স বলেন, ‘আমরা অবশ্যই কিছু অগ্রগতি অর্জন করেছি। দেখা যাক, আরও কিছু অগ্রগতি অর্জন করা যায় কি না।’

চীনও কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে, ইরানের নিরাপত্তাপ্রধান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সংঘাত নিয়ে আলোচনা করেছেন।

এর আগে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, সম্ভাব্য নতুন আলোচনার বিষয়ে ভ্যান্স ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িকে একটি চিঠি পাঠিয়েছেন। কয়েক মাসের মধ্যে এটি দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের উদ্যোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, ওয়াশিংটনের কাছ থেকে পাওয়া বার্তাগুলো ‘আমাদের বিজয়ের স্বীকৃতি’।

ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওয়াশিংটন তাদের দাবিগুলো মেনে নিলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে প্রস্তুত তেহরান। জ্বালানিসমৃদ্ধ উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় চালু করতে ইরান এ প্রস্তাব দিয়েছে।

গত সেপ্টেম্বরে ইরান প্রণালিটি খুলে দেওয়ার জন্য সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করেছিল। এতে সব রণাঙ্গনে যুদ্ধের অবসান, বিদেশে জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা, তেল খাতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের জবাবে তেহরানের পাল্টা অবরোধের অবসানের দাবি জানানো হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাংবাদিকদের বলেন, ‘দুই দিনের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা ইরানের সদিচ্ছাপূর্ণ অবস্থানের আরেকটি প্রমাণ।’

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও সোমবার বেইজিংয়ে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে যুদ্ধ নিয়ে আলোচনা করেন। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর উপসাগরীয় দেশটির কোনো রাষ্ট্রপ্রধানের এটিই ছিল প্রথম চীন সফর।

ওমানের এক বিবৃতিতে বলা হয়, ‘দুই পক্ষ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে। তারা যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তিপূর্ণ পথ অনুসরণ, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং সম্পূর্ণভাবে যুদ্ধ এড়ানোর আহ্বান জানিয়েছে।’

‘কোনো আপস নয়’

সোমবার বেইজিংয়ে ইরান ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছে চীন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপসচিব আলি বাকেরিকে বলেন, নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বেইজিং তেহরানের পাশে রয়েছে। চীনের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, বাকেরি ওয়াংকে জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তেহরানের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং এ বিষয়ে ইরান কোনো আপস করবে না।

রোববার প্রকাশিত আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য ইরান ও ওমানের মধ্যে সম্মত নতুন পথ যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অঞ্চলটিতে মার্কিন সেনাসংখ্যা কমানোর পদক্ষেপও নিতে হবে ওয়াশিংটনকে।

তবে ট্রাম্প তেহরানের বিরুদ্ধে হুমকি অব্যাহত রেখেছেন। রোববার তিনি বলেন, অনির্দিষ্ট কোনো এক সময়ে যুক্তরাষ্ট্রকে ইরানকে ‘হাতুড়ির আঘাত’ দিতে হতে পারে।

শনিবার ট্রাম্প বলেন, মধ্য ইরানের পিকঅ্যাক্স পর্বতসহ এক বা দুটি লক্ষ্যবস্তু নিয়ে তাঁকে এখনো ‘ব্যবস্থা নিতে হবে’। স্থানটিকে সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা হিসেবে বিবেচনা করা হলেও তেহরান সেখানে এমন কোনো স্থাপনা থাকার কথা অস্বীকার করে আসছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের ‘শক্তিশালী, তাৎক্ষণিক ও সর্বাত্মক জবাব’ দেওয়া হবে।

Releated Posts

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া…

নভেম্বর ১৬, ২০২৬
১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে…

নভেম্বর ১৬, ২০২৬
গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী

গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী

গুম-খুন, দমন-পীড়ন ও রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এ দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন…

নভেম্বর ১৬, ২০২৬
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা…

নভেম্বর ১৬, ২০২৬
Why Western Enforcers Are Eyeing Showkat Ali

Why Western Enforcers Are Eyeing Showkat Ali

In modern global enforcement, targeted sanctions are no longer reserved strictly for rogue states. They have evolved into…

নভেম্বর ১৫, ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয়…

নভেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা ১৯৭৫ সালের ৭ নভেম্বর শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী…

নভেম্বর ১৪, ২০২৬
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

✒️॥ মলয় কুমার দত্ত ॥ বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সুযোগের সুষম বণ্টনের মাধ্যমে ২০৩৪…

নভেম্বর ১৪, ২০২৬