শ্রমিকদের আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বা আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম চালালে তাঁদের কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। যারা শ্রমিকদের আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বা আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম চালাবে, স্পষ্ট করে বলে দিতে চাই, তাদের কঠোর হস্তে দমন করা হবে।’
তিনি দাবি করেন, ‘পতিত শক্তির কিছু দোসর’ এখানে রয়েছে। তাঁর ভাষ্য, গত কয়েক দিন দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা চলেছে, সেখানে কোনো শ্রমিক ছিলেন না। ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন বলেও তিনি মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কিসের এই ডিসেম্বর-ডিসেম্বর করছেন? ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে আমাদের অনেক কর্মসূচি রয়েছে এবং থাকবে।’ তিনি বলেন, কোনো পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি চাইলে অতি শিগগির দেশে ফিরতে পারেন এবং তাঁদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার করা হবে।
মন্ত্রী আরও বলেন, পলাতক আওয়ামী সরকারের অনেক নেতাকর্মী ‘ডিসেম্বর-ডিসেম্বর’ করছেন; তাঁরা চাইলে আজই দেশে ঢুকতে পারেন। তাঁদের ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানানো হয়েছে। তাঁর দাবি, ‘ডিসেম্বর-ডিসেম্বর’ করে তাঁরা পলাতক নেতাকর্মীদের চাঙ্গা করতে চাইছেন।









