দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।
বুধবার জেনারেল সান্তোস শহরের একটি সুপারমার্কেটে কর্মরত ৩৯ বছর বয়সী জোয়ি ডেলুভিও লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় উদ্ধারকর্মী মিশেল চুয়া বুধবার এএফপিকে বলেন, অভিযানের শুরুতে জীবন শনাক্তকারী যন্ত্রে একটি ‘দুর্বল স্পন্দনের’ সন্ধান পাওয়া গিয়েছিল। তবে উদ্ধারকারীরা পরে সেখানে একটি লাশের কাছে পৌঁছায়।
তিনি জানান, দুটি বিমের মাঝখানে আটকে থাকা অবস্থায় ডেলুভিওর লাশটি উদ্ধার করা হয়।
সোমবার মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ধসে পড়ে, ভূমিধসের ঘটনা ঘটে এবং দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।
ফিলিপাইনের শহর জেনারেল সান্তোস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার মৃতের সংখ্যা ৪৫ জনে উন্নীত হয়েছে। একই সঙ্গে নিখোঁজের সংখ্যা চার থেকে বেড়ে ১৭ জনে পৌঁছেছে।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা রাফায়েলিতো আলেহান্দ্রো এক বেতার সাক্ষাৎকারে বলেন, নতুন করে যোগ হওয়া অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে দাভাও অক্সিডেন্টাল প্রদেশে। লাশের বেশিরভাগই ভূমিধস ও ভবন ধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন।









