তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে সাইন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাইন্সল্যাব মোড়ের আশপাশের সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়।
এর আগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে কর্মসূচি ঘিরে সাইন্সল্যাব এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয় জলকামানও।
বেলা ১১টার দিকে ঢাকা কলেজে শিক্ষার্থীরা জড়ো হয়ে পরে মিছিল নিয়ে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন। একই সময়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীও সেখানে অবস্থান নেন।
নিউমার্কেট থানার ওসি মো. আইয়ুব জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাইন্সল্যাব এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি—তিন থানা থেকে প্রায় ৬০ জন পুলিশ সদস্য বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন। পরিস্থিতি যাতে আর অবনতি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।









