রান ফর ক্লিন এয়ার এ স্লোগান নিয়ে লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ সকল গণমাধ্যকর্মীকে নিয়ে ২৮ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিডিয়া রান ২০২৬। বি ওয়াই কমিউনিকেশনের আয়োজনে প্রথমবারের মত মিডিয়া কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এ রানের রেজিষ্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়েছে। আগ্রহী রানারদের আগামী ২৫ অক্টোবরের মধ্যে ৭.৫ ও ২ কিলোমিটার এই দুই ক্যাটাগরীতে ২৫ অক্টোবরের মধ্যে রানের রেজিষ্ট্রেশন সম্পন্নের অনুরোধ জানানো হয়েছে।
মিডিয়া রান ২০২৬ এ সহযোগী পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এন বি এ, টেকনিক্যাল পার্টনার হিসেবে থাকছে ইউ সি আর, টাইম-চিপ পার্টনার স্পোর্টস বাংলা, ফটোগ্রাফি পার্টনার আপ সাইট বাংলাদেশ, ক্লোথিং পার্টনার জার্সি লোগো ও ক্রিয়েটিভ পার্টনার সিআরডি নিউজ।
এছাড়া রানকে উৎসবমুখর করতে ইউ এস বাংলা এয়ারলাইন্স এর সৌজন্যে রানে অংশগ্রহণকারীদের র্যাফেল ড্র’র মাধ্যমে প্রদান করা হবে দেশি-বিদেশি এয়ারলাইন্স টিকিট। সেই সাথে মিডিয়া রানে কো-স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে মেভ অটোমোবাইলস ও আজম ওভারসীজ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান বি ওয়াই কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বাবলী ইয়াসমীন জানান, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হবে। রানে মিডিয়া কর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, বাংলাদেশে অবস্থানরত কূটনৈতিক ও বিদেশি অপেশাদার রানাররা অংশ নিবেন। সেই সাথে রান আয়োজনটিকে প্রাণবন্ত করতে থাকছে ইনফ্লুয়েন্সার, গেস্ট রানার, রেস মার্শাল ও প্রফেশনাল পেসার।
বাবলী ইয়াসমীন বলেন, শুধুমাত্র রানেই সীমাবদ্ধ থাকবে না এ আয়োজন। এটাকে উৎসবে রূপান্তর করার সর্বাত্মক চেষ্টা করা হবে। শুধু তাই নয়, রান শেষে অংশগ্রহণকারীদের জন্য থাকছে মেডেলের ছবি নিয়ে বিশেষ ফটো কনটেস্ট।









