মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত এই ফির অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না।
মন্ত্রণালয়ের নির্দেশনায় কর্মীদের মেডিকেল ফি বাবদ ৮ হাজার টাকার বেশি না দিতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে মেডিকেল পরীক্ষার জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করতে সতর্ক করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মী অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর কর্মী অন্য এজেন্সির মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না বলে নির্দেশনায় বলা হয়েছে।
কোনো মেডিকেল সেন্টার ৮ হাজার টাকার বেশি দাবি করলে কিংবা কোনো ধরনের হয়রানি বা টালবাহানা করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে। এ জন্য ইমেইল ঠিকানা: secretary@probashi.gov.bd। মন্ত্রণালয় আরও জানিয়েছে, মাইগ্রামস (migrams) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না।
মন্ত্রণালয় নিয়মিতভাবে মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও পরীক্ষা করবে। কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।








