ইকুয়েডরের গালাপাগোস দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এল নিনো আবহাওয়া পরিস্থিতির প্রভাবে এ বৃষ্টিপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়।
কুইটো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দ্বীপটির মেয়র ফ্যানি উরিবে এএফপিকে বলেন, ‘সান্তা ক্রুজে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা কল্পনাও করিনি যে এমন কিছু ঘটতে পারে। এটি ছিল এমন এক প্রাকৃতিক দুর্যোগ, যা আমাদের সব ধারণা ছাড়িয়ে গেছে।’
দ্বীপপুঞ্জের সবচেয়ে জনবহুল সান্তা ক্রুজ দ্বীপের বাসিন্দাদের নিজেদের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা গেছে। জরুরি সেবা সংস্থা ইসিইউ ৯১১ এবং স্থানীয় গণমাধ্যম প্রকাশিত ছবিতে এ দৃশ্য দেখা যায়।
সান্তা ক্রুজ পৌরসভার প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ২ হাজার পরিবার এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
উরিবে বলেন, ‘তারা সবকিছু হারিয়েছেন। পরনের কাপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই।’
ইসিইউ৯১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও দুজন।
গালাপাগোস ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ সান্তা ক্রুজ দ্বীপের চারটি এবং সান ক্রিস্টোবাল দ্বীপের দুটি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে।
গালাপাগোস দ্বীপপুঞ্জের চারটি দ্বীপে প্রায় ২৮ হাজার ৫০০ মানুষের বসবাস।









