পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে স্বাগতিকদের কাছে ৩ উইকেটে শিরোপা হাতছাড়া হয়েছে শ্রীলঙ্কার। তবে সেই হারের ক্ষত পুরোপুরি না শুকাতেই নতুন এক দুঃসংবাদের মুখোমুখি হলো লঙ্কানরা। স্লো ওভার রেটের দায়ে আর্থিক দণ্ড পেয়েছে দলটি।
অবশ্য ফাইনালে নয়, শ্রীলঙ্কা এই অপরাধ করেছিল গত বৃহস্পতিবার লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচের সময়। নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে এক ওভার পিছিয়ে থাকায় দলটির ওপর এই জরিমানা আরোপ করেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি এক ওভার কমের জন্য দলের প্রতিটি খেলোয়াড়কে তাদের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়।
শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস অপরাধ স্বীকার করে আরোপিত শাস্তি মেনে নেওয়ার কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই। অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস ও চতুর্থ আম্পায়ার নাসির হুসেইন এই অভিযোগ তোলেন।
সুত্রঃ বিডি-প্রতিদিন









