নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কথিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীর গুলশানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠন। বিকেল ৪টার দিকে গুলশান ২ নম্বরের নাভানা টাওয়ারের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে গুলশান ২ নম্বর পর্যন্ত যায়। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত এ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা-১৭ আসনের বিএনপি নেতা কামাল জামান মোল্লা।
মিছিলে গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, ‘ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম।’ তাঁর অভিযোগ, শেখ হাসিনার ‘গুন্ডাবাহিনী’ দেশে সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এর প্রতিবাদে একদিনের নোটিশে নেতাকর্মীরা জড়ো হয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটানো বা অর্থনীতি পঙ্গু করার যেকোনো চেষ্টা তাঁরা প্রতিহত করবেন।
তিনি আরও বলেন, তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। ব্যাংক-বীমা লুটের দায়ে জড়িতদের তারেক রহমান শাস্তি দেবেন বলে তাঁরা আশা করেন।
জ্বালানি ও বিদ্যুতের দাম প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে। তাঁর দাবি, সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে এবং আগামী ছয় মাসের মধ্যে দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে কামাল জামান মোল্লা বলেন, ‘কিছু সংখ্যক খুনি, হেলমেট বাহিনী’ রাস্তাঘাট ও গাড়ি ভাঙচুর করে পালিয়ে যাচ্ছে; তাদের ধরে আইনের আওতায় আনতে হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকায় তিনি নেতাকর্মীদের এবং গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট থানা প্রশাসনকে ধন্যবাদ জানান।









