বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৈঠকে নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়নে ইইউর সহযোগিতা কামনা করেন তারেক রহমান।
গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, আলোচনায় গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন-পরবর্তী উন্নয়ন কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় তারেক রহমান বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের ধারাবাহিক সমর্থন প্রত্যাশা করেন।
ঢাকা-১৭ আসনের বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময়
এদিকে ঢাকা-১৭ আসনের বিএনপি নেতাদের সঙ্গে পৃথক এক মতবিনিময় সভা করেছেন তারেক রহমান। গতকাল দুপুরে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বনানী থানা বিএনপির নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। তারেক রহমান এ আসনে বিএনপির প্রার্থী।
মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা-১৭ আসনের ভোটারদের সমস্যা চিহ্নিতকরণ, নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণাসহ আগামী নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।









