স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার সবচেয়ে বড় আলোচনা এখন শুরুর একাদশ। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামার আগে কোচ লিওনেল স্কালোনি এখনো চূড়ান্ত একাদশ গোপন রেখেছেন।
তবে আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, দুটি পজিশন নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ভাবছেন বিশ্বকাপজয়ী এই কোচ। কাতার বিশ্বকাপ জয়ের পর আবারও শিরোপার খুব কাছে দাঁড়িয়ে আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, পুরো টুর্নামেন্টের মতো ফাইনালের আগেও নিজের পরিকল্পনা গোপন রেখেছেন স্কালোনি। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল এবং সর্বশেষ অনুশীলনের ভিত্তিতে দুটি পজিশন নিয়ে তার ‘মধুর’ সমস্যা তৈরি হয়েছে।
সবচেয়ে বড় প্রশ্ন রক্ষণভাগের ডান পাশে। এবারের বিশ্বকাপে এই পজিশনে নিয়মিত খেলেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের নাহুয়েল মলিনা। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। ইংলিশদের গোলটিও আসে তার দিক ব্যবহার করে।
অন্যদিকে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স দেখান রিভার প্লেটের গঞ্জালো মন্টিয়েল। সেই পারফরম্যান্সের পর ফাইনালের শুরুর একাদশে মলিনার পরিবর্তে মন্টিয়েলের খেলার সম্ভাবনাই বেশি বলে মনে করছে আর্জেন্টাইন গণমাধ্যম।
মাঝমাঠের ডান পাশেও রয়েছে অনিশ্চয়তা। সেমিফাইনালে হুলিয়ানো সিমিওনেকে শুরুর একাদশে রেখে রদ্রিগো ডি পলকে বেঞ্চে বসিয়েছিলেন স্কালোনি। তবে বদলি হিসেবে নেমে ম্যাচের গতি বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডি পল।
বড় ম্যাচে তার অভিজ্ঞতা, আগ্রাসী মানসিকতা এবং দলের ওপর প্রভাব বিবেচনায় স্পেনের বিপক্ষে ফাইনালে ডি পল আবারও সিমিওনের জায়গায় শুরুর একাদশে ফিরতে পারেন।
এদিকে শেষ অনুশীলনে ১৩টি প্র্যাকটিস বিবের একটি পেয়েছেন রিয়াল বেতিসের মিডফিল্ডার জিওভানি লো সেলসো। তবে টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, তাকে শুরু থেকে খেলানোর সম্ভাবনা কম। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে ট্যাকটিক্যাল পরিবর্তন হিসেবে তাকে ব্যবহার করতে পারেন স্কালোনি।
স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্টিয়েল/নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; হুলিয়ানো সিমিওনে/রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।









