৬১তম জন্মদিনে মুম্বাইয়ে নিজের বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় তিনি ভক্তদের সামনে হাজির হন। মধ্যরাত থেকেই প্রিয় তারকার অপেক্ষায় ছিলেন ভক্তরা।
আসন্ন সিনেমা ‘কিং’-এর শেষ পর্যায়ের ব্যস্ততা এবং মান্নাতে সংস্কারকাজ চলায় এবার জন্মদিনে ভক্তদের সঙ্গে শাহরুখের দেখা হচ্ছে না বলে ধারণা করা হয়েছিল। এ খবরে ভক্তদের মন খারাপ হয়েছিল।
খবর অনুযায়ী, বন্ধু ও পরিবারের সঙ্গে তাজ হোটেলে জন্মদিন উদ্যাপন করেন শাহরুখ। এরপর সন্ধ্যায় তিনি মান্নাতের বারান্দায় আসেন। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট ও জিনস পরা শাহরুখ ভক্তদের দিকে হাত নাড়ছেন, উড়ন্ত চুমু দিচ্ছেন এবং চেনা ভঙ্গিতে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে সালাম ও নমস্কার জানাচ্ছেন। এ সময় ভক্ত ও আলোকচিত্রীরা তাঁকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন।
তাঁকে বহনকারী গাড়ির বহর মান্নাতের দিকে যেতে দেখা যায়। নিরাপত্তার কারণে বাড়ির সামনের সড়কে আগে থেকেই ব্যারিকেড দিয়ে রেখেছিল মুম্বাই পুলিশ। সংস্কারকাজ চলায় মান্নাতের বিশেষভাবে তৈরি মঞ্চে হাজির হন শাহরুখ।
জন্মদিন উপলক্ষে দিনভর নানা আয়োজন করেন ভক্তরা। কেউ জুহুর একটি রেস্তোরাঁয় কেক কেটে উদ্যাপন করেন, কেউ মান্নাতের সামনে অভিনেতার বড় পোস্টার নিয়ে হাজির হন, কেউ নাচ-গানে মাতেন। ভক্তরা একসঙ্গে ‘কিং’ সিনেমার ‘তু মিল জায়ে’ গানটিও উপভোগ করেন। জন্মদিনের প্রথম প্রহরে গানটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন শাহরুখ। এতে দীপিকা পাড়ুকোনকেও দেখা গেছে।
শাহরুখের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন কারিনা কাপুর, কাজল, অজয় দেবগন, অ্যাটলি, রিতেশ দেশমুখ, ফারাহ খান ও শিল্পা শেঠি।








